নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শহিদ (৪০) মিয়া। সে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের মৃত মান্নান মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত নিহতের বড় ভাই ইদ্রিস মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের উত্তরবাখরনগর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিহত শহীদ মিয়ার স্ত্রী, সন্তানকে মারধরের তুচ্ছ ঘটনা নিয়ে ইদ্রিস মিয়ার সাথে তর্কে লিপ্ত হয় শহিদ মিয়া। এরপর কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভে ইদ্রিস মিয়ার হাতে থাকা শাবল দিয়ে আঘাত করলে শহীদ মিয়া গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিয়া নামে একজন মারা গেছে। ঘটনায় অভিযুক্ত তার বড় ভাইকে আটক করা হয়েছে।